টাইসন নাকি জীবনানন্দ?
অপরাধী মন
একটা মজার আলাপ বেশ কিছুদিন ধরে শুনছি—মাইক টাইসন যদি বক্সিং-এ ক্যারিয়ার না গড়ে অপরাধ জগতে পা রাখতেন, তাহলে কী হতো? :)
যৌবনকালের টাইসন শক্তি এবং ক্ষীপ্রতায় প্রায় অতুলনীয় ছিলেন। তাঁর নিজস্ব টেকনিকও ছিল দারুণ।
অপরাধ জগতে মাইক টাইসন থাকলে মানুষজনের খবরই খবর হয়ে যেত—এমন “যদি হতো” বা “হোয়াট ইফ” পরিস্থিতি কল্পনা করলে।
অবশ্য টাইসন কয়েকবার জেল খেটেছেন।
শারীরিকভাবে খুব টাফ এবং অ্যাথলেটিক ব্যক্তিদের নিয়ে এরকম “যদি হতো” ভাবনা বিভিন্ন পডকাস্টে আলোচিত হয়।
ব্রক লেসনারের মতো বিস্ফোরক ক্রীড়াবিদকে নিয়েও এরকম “হোয়াট ইফ” ভাবা যেতে পারে। কল্পনা করলে অনেকেরই খানিকটা ভয় লাগতে পারে।
আবার আরেকটা “হোয়াট ইফ” পরিস্থিতি মনে আসে—খ্যাতিমান সৃষ্টিশীল লোকজন তাদের কাজের পরিবর্তে যদি অপরাধ জগতে চলে আসতেন, তাহলে কী হতো?
লেখকদের নিয়েই বলি। এডগার অ্যালান পো-কে নিয়ে তো বেশ কিছু অভিযোগ আছে।
সব লেখকদের নিয়ে অবশ্য বলছি না। কেউ হয়তো মারাত্মক সব থ্রিলার উপন্যাস লিখেন, কিন্তু বাস্তবে ভীতুর ডিম।
তবে লেখক-কবিদের মধ্যে দুর্দান্ত, মনোমুগ্ধকর, কিংবদন্তিসম অনেকেই যদি ক্রিমিনাল লাইফে পদার্পণ করতেন, তাহলে হয়তো অন্যরকম চিত্র দেখতে পেতাম।
ব্যাপারটা চিন্তারই। খুব সুন্দর করে, ভালোভাবে লিখে পাঠককে একদম গ্রিপ করে ধরে রাখেন—এমন একজন লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা সবসময় চমৎকার হয়।
আপাতদৃষ্টিতে নিরীহ এ সকল লেখক-কবিদের অনেকেরই নানা খুঁটিনাটি বিষয়ে দারুণ জ্ঞান আছে। ঔপন্যাসিকদের স্মৃতিশক্তি ভালো হয়। কবিরা অনেক কিছুই রহস্যময় মোড়কে প্যাঁচানো জটিলতায় পরিবেশন করেন।
মাথায় এতসব নরক রেখে সেগুলো মৌলিকত্বের সুবিন্যস্ততায় লেখক-কবিরা বইয়ের মলাটে ঢুকিয়ে দেন অথবা অনলাইনে ছড়িয়ে দেন। তাদের অনেকের জ্যামিতিক কল্পনাশক্তি বোদ্ধা পাঠককে বিস্মিত করে।
বিপুল পড়াশোনা, না-বলা কথার আড়ালে অন্য কথা ঘুরিয়ে বলা, পাঠকের সাইকোলজি বোঝা কিংবা নতুন সাইকোলজিক্যাল ব্যাপার-স্যাপার ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে অনেক লেখক তো এক ধরনের কাল্ট লিডারে পরিণত হন।
এখন ভেবে দেখুন—ক্রিমিনাল মাস্টারমাইন্ড হিসেবে একজন দক্ষ গল্পকথক কিংবা পাঠককে সম্মোহিত করার মতো কবি কেমন হতেন বা হতে পারতেন?
ব্যাপারটা বেশ ভয়ানকই।
ভাগ্যিস মাইক টাইসন, ব্রক লেসনাররা যেমন যাননি ওই পথে, জীবনানন্দ দাশ, বোর্হেসেরাও ভাগ্যিস সেই পথ মাড়াননি।
মাইক টাইসন, ব্রক লেসনাররা কমিকসের সেই মাসল ভিলেন হতেন হয়তো, কিন্তু মুগ্ধ করে রাখা কবি-লেখক জীবনানন্দ কিংবা বোর্হেস হয়তো সেই একই কমিকসে এসব শক্তিশালী ব্যক্তিদের আদেশ-নির্দেশ দিয়ে প্রভাবিত করা ব্রেইন ভিলেন হতেন।


