কিং'স ৬
বই রিভিউ
সারা বছর নানান ধারার বইপত্র অনলাইন (কম), অফলাইনে (বেশি) পড়তে পড়তে যখন খানিকটা হাঁপিয়ে যাই, তখন হাতে উঠে যায় হুমায়ূন আহমেদ অথবা স্টিফেন কিং-এর যেকোন বই। :)
কিং'স হচ্ছে স্টিফেন কিং-এর বিভিন্ন গল্প/উপন্যাসিকার অনুবাদ সিরিজ। অনুবাদক মো. ফুয়াদ আল ফিদাহ। এই পর্যন্ত প্রকাশিত হয়েছে ৬টি পর্ব। সর্বশেষ পর্বের অপেক্ষায় ছিলাম, নানা ব্যস্ততায় কেন জানি সংগ্রহ করা হচ্ছিলো না। চট্টগ্রামে চলমান স্বাধীনতা বইমেলায় অন্যধারার স্টলে চোখ পড়তেই সংগ্রহ করলাম।
কিং'স ৬-এ গল্প আছে চারটি। রিভিউর তৃতীয় প্যারায় আগে খানিকটা সমালোচনা করা দরকার মনে হচ্ছে। গত পাঁচটি রিভিউতে স্টিফেনের জন্মবর্ষ এবং লেখালিখি শুরুর বছর গুলিয়ে ফেলার সমালোচনা করে আসছিলাম। এবার সেটা ঠিকঠাক হয়েছে দেখে ভালো লাগলো, কিন্তু অনুবাদক কোন ভূমিকা কেন লিখেন না তা আমার এখনও অজানা। মো. ফুয়াদ আল ফিদাহ তাঁর স্টিফেন কিং-পাঠ, অভিজ্ঞতা, অনুবাদকালে ঘটে যাওয়া কোন মজার ঘটনা শেয়ার করতে পারতেন। তাছাড়া ব্যাকফ্ল্যাপে কাহিনী সংক্ষেপ গুলো কি একটু বেশি-ই বলে ফেলেনি?
চারটি গল্পের বাছাই সুচারুভাবে করা হয়েছে। অনুবাদকর্মে স্পষ্ট, পরিষ্কার ভাষার ব্যবহারের পাশাপাশি স্টিফেন কিং-এর অদ্ভুত, চাপা, অস্বস্তিকর, ড্রামাটিক লেখনির সুন্দর রূপায়ন ঘটেছে। পরবর্তি প্যারাগুলোয় ঢুকছি গল্প পর্যালোচনায়।
১) পপসি
সর্বগ্রাসী, সর্বনাশা জুয়া খেলায় বড় ঋণ হয়ে হয়ে গেছে ব্রিগস শেরিডানের। রহস্যময় সাইকোপ্যাথ মিস্টার উইজার্ডের কাছে শেরিডান দায়মোচন করতে শিশু সরবরাহ করেন, অবশ্যই কিডন্যাপিং-এর মাধ্যমে। এরকম নারকীয় অপরাধ করতে শেরিডান যেন বাধ্য। এমতাবস্থায় এক শিশুকে অপহরণ করতে গিয়ে শেরিডান এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে যান, যা তাঁর সাথে আগে কখনো ঘটেনি। স্টিফেন কিং যেরকম চাপা এক টেনশন সৃষ্টি করেছেন এ গল্পে তা লেখকের ট্রেডমার্ক-ই। তাছাড়া পাঠকের দৃষ্টি ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা তো কিং-এর লেখনিশৈলীতে আছেই। আমি একটা সময় খানিকটা আঁচ করে ফেলেছিলাম ঘটনাপ্রবাহ ঠিক কোনদিকে ব্রেক কষছে তা, তবে লেখকের ড্রামা তৈরি করে সেটা টিকিয়ে রাখার সহজাত ক্ষমতা শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখতে পারে।
২) দ্যাট বাস ইজ অ্যানাদার ওয়ার্ল্ড
উইলসন। সব কাজে অতিরিক্ত সময় ও সতর্কতা নিয়ে চলা উইলসনের ব্যাক্তিগত 'বাম্পার' যেন। লা গার্ডিয়া এয়ারপোর্টে নামার আগ থেকেই যেন কুফা নামে তাঁর কপালে। গুরুত্বপূর্ণ এক বিজ্ঞাপনী কাজ বাগাতে প্রেজেন্টেশন প্রদান করতে গিয়ে একের পর এক বিলম্ব তাকে রীতিমতো নার্ভাস করে দেয়। এর মাঝে উইলসনের কয়েক ফুট দুরত্বে জ্যামে আঁটকে থাকা বাসে ঘটে যায় এক নৃশংস ঘটনা। আধুনিক মানুষের বৃহৎ নৈতিক দ্বিধা-দ্বন্দ্বের দেখা পাঠক পাবেন এ গল্পে। এ বইয়ে আমার পড়া সেরা গল্প বলা যায় এটিকে। কারণ আমাদের নিজ নিজ স্বার্থচিন্তা এবং আরেকজনের গভীর বিপদ যেন কয়েক ফুট ব্যবধানে থাকা বিকল্পবিশ্বের ঘটনা।
৩) দ্য বুগিম্যান
আমি খুব সম্ভবত এই একই অনুবাদ অন্য কোন সংকলনে পড়েছি। বিখ্যাত গল্পটি অনেকটা হৃদয়বিদারক। গল্পপাঠকালে যেকোন পাঠকের মন আতঙ্কগ্রস্ত ও বিষাদে পরিপূর্ণ হয়ে যেতে পারে। লেস্টার বিলিংস-এর তিন সন্তানের হত্যাকান্ড কি সেই বুগিম্যানের কাজ? মার্কিন যুক্তরাষ্ট্রে বুগিম্যান বলতে অনেকটা অদম্য এক নরকের শক্তিকেই বুঝায়, অনেক ক্ষেত্রে। মনোচিকিৎসক হার্পারের সামনে বিলিংস যা যা বলছেন তা কতটুকু নির্ভরযোগ্য? পাঠক গল্পটিকে দু'ভাবে দেখতে পারেন।
৪) দ্য ক্যাট ফ্রম হেল
শেষ বয়সে স্বাভাবিক মৃত্যু চান হলস্টোন। তাই পেশাদার খুনি ড্রোগানকে ডেকেছেন নিজ বাসস্থানে। টার্গেট এক অশুভ বিড়াল। হলস্টোনের মতে তিন তিনজনের ঘাতক এই বিড়াল। স্টিফেন কিং এ গল্পে যে পরিমাণ গা গুলোনো বিভৎসতা ছড়িয়েছেন তা অনেকদিন মনে থাকবে। ড্রামা তৈরি করার পাশাপাশি পাঠকমনে বিভৎসতার চিত্ররূপ ঢুকিয়ে দেয়ার কর্মেও লেখক সুদক্ষ।
মো. ফুয়াদ আল ফিদাহ অনুবাদে স্টিফেন কিং যেভাবে পাঠকমনস্তত্ত্ব নিয়ে খেলে বেড়ান, জাগলিং করেন, তা ভালোই ফুটিয়ে তুলতে পারেন। প্রতিটি গল্পে স্টিফেন কিংইয় ভঙ্গিমার ড্রামা সৃষ্টি করা, টেনশনের উঠানামা, পাঠককে গ্রিপ করে রাখার মতো এলোমেলো লেখালিখি যা শেষ পর্যন্ত এক বিন্দুতে মিলিত হয় কিংবা হয় না, এইসব ব্যাপার-স্যাপার তাঁর অনুবাদে সহজ-স্বাভাবিকভাবে ফুটে উঠেছে। অনুবাদকর্ম কখনোই আরোপিত মনে হয়নি।
কিং'স ৭ এর অপেক্ষায় রইলাম। সবচেয়ে ভালো যে কাজ লেখক / অনুবাদক আমাদের দিকে ছুড়ে দিয়েছেন ক্রিকেটের কোন বলের মতো, তা হলো মানুষের ভিতরকার সেই কখনো উজ্জল, কখনো ঝাপসা, আবার কখনো প্রায় অদৃশ্য সেই মনস্টারকে।
বই রিভিউ
নাম: কিং'স ৬
লেখক: স্টিফেন কিং
অনুবাদক: মো. ফুয়াদ আল ফিদাহ
প্রকাশকাল: এপ্রিল ২০২৫
প্রকাশক: অন্যধারা
প্রচ্ছদ: লর্ড জুলিয়ান
জনরা: হরর, সাইকোলজিক্যাল থ্রিলার
রিভিউয়ার: ওয়াসিম হাসান মাহমুদ


